ফরিদপুরের সদরপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৪ জুন, ২০২৩
ফরিদপুরের সদরপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

“হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব”-এই স্লোগানকে সামনে রেখে রক্তদান কার্যক্রমকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরের সদরপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর সদরপুর উপজেলা শাখার উদ্যোগে ৯৩তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইন ও আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।


ক্যাম্পেইনে সদরপুর উপজেলা টিম সর্বমোট ১৯০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, রক্তদানের প্রয়োজনীয়তা এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক এনামুল হাসিব, সহ-সমন্বয়ক গোলাম কিবরিয়া, ফরিদপুর জেলা সমন্বয়ক মো. কামরান চৌধুরী রাফাত, সদরপুর উপজেলা সমন্বয়ক আফিফা ফেরদৌসসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।


উল্লেখ্য, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর সারাদেশব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই ৯৩তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মানবিক এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রক্তদান সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।