একইদিনে দেশের তিন স্থানে অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশের সর্বস্তরের মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদানের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১ জুন ২০২৩ তারিখে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি একযোগে তিনটি জেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে। সংগঠনের ঢাকা জেলা শাখা, সাভার উপজেলা শাখা এবং চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ঢাকা জেলা শাখার উদ্যোগে ৮১তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শোভাপুর মডেল একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে মোট ২৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
অন্যদিকে, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর সাভার উপজেলা শাখার উদ্যোগে ৮২তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সাভার উপজেলার গ্লোরিয়াস মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনে মোট ৩০০ জন স্থানীয় মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের জানিয়ে দেওয়া হয়। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার প্রচেষ্টা চালানো হয়।
সবশেষে, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ৮৩তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চট্টগ্রামের ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে মোট ২১৭ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং মানবিক সেবায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।
উল্লেখ্য, রক্তদানের কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি নিয়মিতভাবে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করে আসছে। এই তিনটি সফল আয়োজনের মাধ্যমে সংগঠনটি তাদের ৮১তম, ৮২তম এবং ৮৩তম ক্যাম্পেইন সম্পন্ন করে, যা মানবিক সেবার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।